দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাতে প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সময়ের শেষদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।












