ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps–আইআরজিসি) দাবি করেছে, তাদের সাম্প্রতিক পাল্টা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’-এর প্রথম দুই দিনেই ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও নৌ-সম্পদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Ali Mohammad Naini বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফা আঘাত হানা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব হামলার পর ইরানি উপকূলীয় জলসীমার নিকটবর্তী অবস্থান থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সরে যেতে বাধ্য হয়।
তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। এক দফা হামলায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ফলে ১৬০ জন মার্কিন সেনা হতাহত হন বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মার্কিন নৌবাহিনীর একটি কমব্যাট সাপোর্ট জাহাজ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসির বক্তব্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর রণতরীটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায় বলে দাবি করেছে ইরান।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












