ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় কোন্দলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানা মোড় এলাকায় দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলছিল। আলোচনার একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দেয় এবং কিছু নেতাকর্মী থানার ভেতরে আশ্রয় নেন। সেখানে গিয়েও দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ কনস্টেবল আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলাল হোসেন জানান, অভ্যন্তরীণ বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। থানা প্রাঙ্গণে অনধিকার প্রবেশ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।











