কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে চাকরির প্রলোভন, ইরানে আটকে নির্যাতন—৯ যুবকের অভিযোগে দালাল চক্রের নাম প্রকাশ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

গ্রিসে কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে টাকা নিয়ে ইরানে নিয়ে আটকে রেখে নির্যাতন ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন ৯ যুবক। এ ঘটনায় পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আলমগীর হোসেনকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার আটঘরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা জানান, গ্রিস পাঠানোর কথা বলে জনপ্রতি দুই লাখ টাকা করে নেওয়া হয়। পরে তাদের ইরানে নিয়ে একটি নির্জন স্থানে প্রায় তিন মাস আটকে রাখা হয়। সেখানে দালাল চক্রের সদস্যরা আরও সাত লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীদের মধ্যে ঈশ্বরদী, কুষ্টিয়া ও রংপুরের পীরগঞ্জ এলাকার কয়েকজন যুবক রয়েছেন। তারা বলেন, নৌপথে গ্রিসে পাঠানোর কথা বলা হলেও বাস্তবে ইরানে নেওয়া হয়। নির্যাতনের মুখে বাধ্য হয়ে পরিবারগুলোর কাছে ফোন করে অতিরিক্ত টাকা চাওয়া হয়। স্বজনরা ধারদেনা ও সম্পদ বিক্রি করে অর্থ পাঠালে তাদের ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক ভুক্তভোগী জানান, এ ঘটনার পর অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত আলমগীর হোসেনের ব্যবহৃত বলে উল্লেখ করা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে নিজেকে তার ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন এবং আলমগীরের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেননি।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।