কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার সুমনের জামিন’ দাবি ভুয়া, এআই–তৈরি ছবি ছড়িয়ে বিভ্রান্তি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত, তার জামিন হয়েছে—এমন দাবি সম্প্রতি ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিও যুক্ত করা হয়। তবে অনুসন্ধানে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ জানিয়েছে, মূলধারার কোনো সংবাদমাধ্যমে ব্যারিস্টার সুমনের জামিনসংক্রান্ত প্রতিবেদন নেই। প্রচারিত ছবিগুলো বিশ্লেষণে দেখা গেছে, সেগুলোর কিছু পুরনো এবং কিছু কৃত্রিমভাবে তৈরি।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক এ সংসদ সদস্যকে ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। সে সময় বিষয়টি জাতীয় গণমাধ্যমে গুরুত্ব পায়।

অনুসন্ধানে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া কয়েকটি মামলায় তার জামিন আবেদন গত বছরের জানুয়ারিতে নামঞ্জুর করেন আদালত। এ ছাড়া চলতি বছরের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি কারাগার থেকেই আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন।

ফেসবুকে ছড়ানো একটি ছবিতে দেখা যায়, জেলগেটের সামনে তাকে ফুলের মালা পরানো হচ্ছে। ছবির ব্যানারে একাধিক বানানভুল লক্ষ্য করা গেছে, যা এআই দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে সাধারণত দেখা যায়। এ ছাড়া এআই শনাক্তকারী টুল ব্যবহার করে ছবিটি বিশ্লেষণে সেটি কৃত্রিম হওয়ার উচ্চ সম্ভাবনা পাওয়া গেছে।

সবদিক বিবেচনায় ব্যারিস্টার সুমনের জামিন হয়েছে—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ফ্যাক্টওয়াচ।