কুমিল্লাবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সি অ্যান্ড এফ লাইসেন্সের আবেদন আহ্বান, সময় ৩১ মার্চ পর্যন্ত

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

আমদানি ও রপ্তানি কার্যক্রমে সেবার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্স পেতে আবেদন আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা।

এনবিআর সূত্রে জানা গেছে, ‘কাস্টমস আইন, ২০২৩’ এর ধারা ২৪৩ অনুযায়ী প্রণীত কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ অনুসারে এই লাইসেন্স দেওয়া হবে। নতুন বিধিমালা কার্যকর হওয়ায় পূর্বের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ বাতিল করা হয়েছে।  

এনবিআর জানায়, লাইসেন্স পেতে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। দেশি-বিদেশি যৌথ মালিকানার কোম্পানি আবেদন করতে পারবে, তবে বিদেশি অংশীদারদের শেয়ার মোট শেয়ারের ৪৯ শতাংশের বেশি হতে পারবে না।

একক মালিক, অংশীদার বা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডার একটির বেশি লাইসেন্স নিতে পারবেন না। আবেদনপত্রে একটি কাস্টমস স্টেশনের নাম উল্লেখ করতে হবে, একাধিক স্টেশনের নাম থাকলে আবেদন বাতিল হবে।  

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর), স্নাতক ডিগ্রির সনদ, তিন কপি রঙিন ছবি, প্রয়োজনে ভ্যাট নিবন্ধন সনদ (মূসক-২.৩), কোম্পানি বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিলাদি জমা দিতে হবে।

এছাড়া ৫ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ‘ডিরেক্টর জেনারেল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম’- এর অনুকূলে দিতে হবে। পাশাপাশি পূর্বে লাইসেন্স গ্রহণ না করার ঘোষণা দিয়ে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র জমা দিতে হবে। অফিস কক্ষের মালিকানা বা ভাড়ার প্রমাণপত্রও সংযুক্ত করতে হবে। কাস্টমস আইন, ভ্যাট আইন, আমদানি-রপ্তানি নীতি ও কাস্টমস প্রক্রিয়া বিষয়ে বাস্তব অভিজ্ঞতার প্রত্যয়নপত্র থাকলে তা সংযুক্ত করা যাবে।

.