নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা হাউজিং এস্টেটের ৪ নম্বর সেকশনে অবস্থিত জান্নাতুন নাঈম মহিলা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালমানের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। একই দিন বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, মৃত্যুকে ঘিরে সন্দেহের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফন না করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মাওলানা সালমান কুমিল্লার লালমাই উপজেলার দাপাড় গ্রামের মাওলানা আব্দুর রহমানের বড় ছেলে। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও তার ছোট ভাই ইহসান। তিনি দাবি করেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লালমাই থানা পুলিশ নিহতের স্ত্রী জান্নাত ও শ্যালক মাহমুদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
লালমাই থানার এসআই ফারুক ও এসআই প্রদীপ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


.












