শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুকূলে এলে অল্প সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং স্বল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন তিনি।
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, আইনগত ও প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপযুক্ত সময় বিবেচনায় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসন নিয়ে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে দলের সঙ্গে সম্পৃক্ত ও আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
আওয়ামী লীগের বিভিন্ন স্থানে কার্যালয় খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলটির কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে। তাই তাদের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে।












