আগের দিন ৩৭টি গাড়ি প্রস্তুত করার তথ্য দেওয়া হলেও এখন তা ১০টি বেড়েছে।
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৪৭টি গাড়ি ও একই সংখ্যক চালককেও প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি সচিবালয়ে আনা হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কতটি গাড়ি যাবে সেটা আমাদের এখনও জানানো হয়নি। গতকাল (সোমবার) ৩৭টি প্রস্তুত করা হয়েছিল, আজকে ১০টা বাড়িয়ে ৪৭টা সচিবালয়ে পাঠানো হয়েছে।
“মন্ত্রিপরিষদ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। আমরা সমান সংখ্যক চালককে প্রস্তুত রেখেছি। নির্দেশনা অনুসারে নতুন মন্ত্রীদের জন্য গাড়ি সংসদ ভবনে পাঠানো হবে।”
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকারের শপথ মঙ্গলবার বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় হবে।
এদিন সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটির সংসদ সদস্যরা শপথ নেন। পরে সংসদীয় কমিটির সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচন করা হয়।
জনপ্রশসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রীদের জন্য গাড়ি চেয়ে নির্দেশনা আসার পর সে অনুসারে গাড়ি পাঠানো হবে।












