কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তার বাড়িতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শতবর্ষী মা সৈয়দা হাজেরা খাতুন অশ্রুসজল চোখে বিজয়ী ছেলেকে বুকে জড়িয়ে ধরেন— যে দৃশ্য উপস্থিত স্বজন, প্রতিবেশী ও সমর্থকদেরও আপ্লুত করে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় ইকবালসহ তার বেশ কয়েকজন অনুসারীকে নির্বাচনের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে ভোটের ফলাফলে কিশোরগঞ্জ-৫ আসনের জনগণের ব্যাপক সমর্থনে ইকবালের পক্ষেই রায় হয়েছে।
পরিবারটির জন্য এই বিজয় কেবল স্থানীয় রাজনীতির সাফল্য নয়, বরং এক অনন্য আন্তর্জাতিক গৌরবেরও অংশ। শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই শেখ মুজাহিদুর রহমান চন্দন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গুইনেট ডিস্ট্রিক্টে টানা চতুর্থবারের মতো সিনেটর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। একই পরিবারের দুই সন্তান বর্তমানে দুই ভিন্ন দেশের পার্লামেন্টে নিজ নিজ জনগণের প্রতিনিধিত্ব করছেন, যা বিরল এক কৃতিত্ব।












