কুমিল্লাসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এটা হলো বিএনপি ফিল্ড: নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এটা হলো বিএনপি ফিল্ড, আমরা বিএনপি ফিল্ডে খেলছি। কখনো আক্রান্ত হই, আবার পরি, আবার উঠে দাঁড়াই। কিন্তু তাদের সঙ্গে আমরা যুদ্ধ থামাব না।

তিনি বলেন, চাঁদাবাজ-দুর্নীতিবাজদের ইনশাআল্লাহ আমরা বিদায় করব। মাত্র তো যুদ্ধ শুরু হলো। যুদ্ধের শুরুতেই যদি মানসিক চাপে পড়ি তাহলে তো সমস্যা। এটা আমার রাজনৈতিক অবস্থান। কারণ, চাঁদাবাজ-দুর্নীতিবাজদের দমন না করলে গত এক বছরে যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে না। আর ব্যবসা-বাণিজ্যের উন্নতি না হলে মানুষের কর্মসংস্থান হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো চাঁদাবাজি বন্ধ করেননি মির্জা আব্বাস ও তার ছেলেরা। চাঁদাবাজদের সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন তিনি। চাঁদাবাজি বন্ধ করলে মির্জা আব্বাসের সঙ্গে বুক মিলিয়ে একসঙ্গে কাজ করব।

ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য প্রার্থী অভিযোগ করেন, তারেক রহমান কাগুজে বাঘ। উনি কেন গণঅভ্যুত্থানের পর দেশে আসলো না? কার সঙ্গে চুক্তি করে দেশে এসেছেন, জনগণের সামনে পরিষ্কার করুক। উনাকে কে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের জন্য অধিকার দিয়েছে? আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয় রাজনীতি করবে নাকি করবে না, এর সিদ্ধান্ত তাকে কে নিতে বলেছে? এ সময় বেশিরভাগ আসনে তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মনোনয়ন দিয়ে প্লান বাস্তবায়ন করছেন বলেও অভিযোগ করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মির্জা আব্বাস যদি সংসদ সদস্য পদে না দাঁড়াত তারপরও আমি তার চাঁদাবাজি নিয়ে বলতাম। উনি তো একটা গ্যাংস্টার। উনার কারণেই তো শাপলা চত্বরে এত ভাই শহিদ হলো। উনি যদি ওইদিন অ্যাটেন্ড করত, তাহলে তো এতবড় ঘটনা ঘটতো না।