জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের জন্য এই তরুণরা ৫২, ৫৪, ৭১ ও ২৪ সালে রক্ত দিয়েছে। তারা রক্ত দিতে দিতে আজ ক্লান্ত। আমরা আগামীতে এমন বাংলাদেশ তৈরি করতে চাই, যাতে তরুণদের আর রক্ত দিতে না হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের দিন কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়িতে ফিরতে পারবে না। ভারত ও চাঁদাবাজরা চায় না তরুণ প্রজন্ম ভোটে জিতে যাক। জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, বিজয় ছাড়া তাদের কোনো বিকল্প নেই।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী ১০০ বছর বাংলাদেশ কোন পথে যাবে, পুলিশ ও বিচার বিভাগের অবস্থা কেমন হবে, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আগামী নির্বাচনে তার ভাগ্য নির্ধারণ হবে।১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এগিয়ে যাবে, নাকি পিছিয়ে পড়বে সেই ভাগ্য নির্ধারণের দিন।
প্রশাসন ও পুলিশের সমালেচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে ভোটের আগে এসপি, ডিসি, এসআই ও কনস্টেবলদের কাছে টাকা পাঠানো হতো। এবার যদি আপনারা এ রকম করেন এবং ভোটকেন্দ্র দখল করেন। তাহলে বিশ্বাস করেন আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।
অতীতে পোস্টিংয়ের জন্য আপনাদের রাজনৈতিক দলের নেতাদের কাছে পড়ে থাকতে হতো, আমরা এটা চাই না। ১২ তারিখ আপনাদের স্বচ্ছতার জবাব দেওয়ার দিন।
মিডিয়া প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পরে কিছু কিছু লোক মিডিয়াগুলো দখল করে নিয়েছে। দালাল মালিকদের কারণে মিডিয়ার সাংবাদিকরা আজ নিরুপায়। জনগণ মিডিয়াকে বিশ্বাস করে না, আপনারা জনগণের কাতারে নেমে আসুন।
সমাবেশে শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা এস এম সাইফ মোস্তফিজ ও উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল খালেক প্রমুখ।
সভাশেষে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা এস এম সাইফ মোস্তফিজ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই জোটের প্রার্থী জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এদিকে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এনায়েতপুরের কেজির মোড়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা আলী আলমের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বলে এনসিপি সূত্রে জানা গেছে।












