বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে কিছুটা থমকে থাকার কথা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক মসৃণ হয়নি, তবে নতুন সরকার এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা সবসময় ভালো কাজের সম্পর্ক চেয়েছি। দ্বন্দ্ব নেই, তবে সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে এটি থমকে আছে।”
তৌহিদ হোসেন বলেন, “কাউকে এককভাবে দায়ী করতে চাই না। আমাদের এবং ভারতের স্বার্থের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যার কারণে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়নি। তবে আশা করি পরবর্তী সরকার সময়ে এসব অমীমাংসিত বিষয় কাটিয়ে মসৃণ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।”
তিনি বলেন, “ইস্যু থাকবেই, স্বার্থের সংঘাতও থাকবে। তারপরও সম্পর্কের মসৃণতা গুরুত্বপূর্ণ। আমাদের সময়ে সম্পর্ক খুব স্মুথ ছিল না, কিছু সেটব্যাক হয়েছে।”
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত বিষয়েও তৌহিদ হোসেন বলেন, “মনোভাব বিষয়টি বিমূর্ত। অফিশিয়ালি আমরা তাকে ফেরত চেয়েছি, তাদের সাড়া পাইনি। অনুমানে যাওয়াটা ঠিক হবে না।”












