গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা বলেন নাহিদ।
পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী।
ভয় পেয়ে একের পর এক নাহিদ ইসলামের বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়ার প্রাণপণ চেষ্টা চলছে।’
তিনি আরো লিখেন, ‘গতকাল রাতে ২৩নং ওয়ার্ড এ নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই।
ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা নাহিদ ইসলামকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।’












