কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হ্যাক হয়েছে বলে দাবি — জামায়াত আমিরের আইডি থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং আমাদের নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করার জন্য আমি এটি শেয়ার করছি।


জামায়াত আমির বলেন, আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবায় নারীরা সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক। আমরা মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির জন্য শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।


জামায়াত আমির আরও বলেন, আমরা রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন কোনো অবস্থান নয়। আমি কয়েক মাস আগে প্রকাশ্যে এই নীতিগুলি তুলে ধরেছিলাম এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।


তিনি বলেন, আমার রেকর্ড, নীতি এবং আমার ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি, আমি আনুষ্ঠানিকভাবে আমার ইশতেহার প্রকাশ করব, যেখানে এই সমস্ত প্রতিশ্রুতি বিস্তারিত বর্ণনা করা হবে। আমাদের অঙ্গীকার বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য, মেয়েদের জন্য নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং নারীদের জন্য প্রকৃত নেতৃত্ব।


তিনি বলেন, নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।

এর আগে শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের প্রতি অসম্মানমূলক একটি পোাস্ট ভাইরাল হয়। ওই পোাস্টে, ‘আধুনিক পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে কর্মজীবী নারীদের প্রতি চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে।


পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে দলটির নির্বাচনী প্রচার টিম।


তবে জামায়াতের আমীরের করা কর্মজীবী নারীদের প্রতি আরও একটি আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


এর আগে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।


এর কিছুদিন আগে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল’। এ মন্তব্যের পর তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারাই এটা নিয়ে বেশি মাতামাতি করছেন। একটা ফেক বক্তব্য এসেছে। এটা নিয়ে যারা মিথ্যা বলতেছে তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দিচ্ছেন।

হ্যাক হওয়া আইডি ফিরে পেতে কত সময় লাগে?

কর্মজীবী নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্ট নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সারা দেশে। বিতর্কিত ওই পোস্টের পর আবার আইডি ফিরে পাওয়ার দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে পুনরুদ্ধার প্রক্রিয়ায় কয়েক ধাপে সময় লাগতে পারে সর্বোচ্চ দুসপ্তাহ।