কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত কার্যালয়ে হামলা: চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬ জন শোকজ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় ছয় নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদের স্বাক্ষরে এ শোকজ নোটিশ জারি করা হয়।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলীর লিখিত অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে দাবি করা হয়, বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. মাসিন উদ্দিনের উপস্থিতি ও প্রত্যক্ষ সহযোগিতায় একদল ব্যক্তি দলীয় কার্যালয়ে তাণ্ডব চালান।

অভিযুক্ত অপর চারজন হলেন- বিশ্বনাথপুর-লম্বাটোলা এলাকার মো. আরিফ, মো. সুমন, মো. বিএল ও মো. শহিদুল। অভিযোগ অনুযায়ী, তারা সংঘবদ্ধভাবে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।