জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে তদন্ত করবে। আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে।আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিষয় বাংলাদেশে একটা ওপেন সিক্রেট।
তিনি বলেন, জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। এটা বাংলাদেশের মানুষ জানে।
নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন রেখে ছাত্রদলের এই নেতা বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আমরা কখনোই জামায়াত-শিবির-রাজাকারকে ক্ষমতায় আনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে যে চেষ্টা, তা মেনে নেব না। জামায়াতের নামে কেন এই পোস্টাল ব্যালট পেপার, তার কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।
দুটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে নাছির বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, দুটি রাজনৈতিক দল ইতোমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই আগস্টে নেতৃত্বদানকারী ছাত্রসংস্থা, জুলাই আগস্টে সম্মুখসারির যোদ্ধা, যিনি ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন।
তিনটি ইস্যুতে ছাত্রদলের কর্মসূচি
১. পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।












