ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলএসডি খাদ্য গুদামে সরকার নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করে ঘুষের বিনিময়ে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে রেকর্ডবিহীন মালিকবিহীন সাড়ে তিন মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, রুহিয়া খাদ্য গুদামে আমন মৌসুমে চিকন চাল সংগ্রহের কথা থাকলেও সেখানে নিম্নমানের মোটা চাল সংগ্রহ করা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানের সময় ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত চালের মান যাচাইয়ের জন্য ১৪টি পৃথক খামাল থেকে সিলগালা করা ব্যাগে ১০০ গ্রাম করে চালের নমুনা সংগ্রহ করে ইনভেন্টরি করা হয়।
এনফোর্সমেন্ট টিম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সব গুদামঘর পরিদর্শন ও রেকর্ডপত্র সংগ্রহ করে। এ সময় বস্তা গণনা করতে গিয়ে ৭ নম্বর গুদামের খামাল নম্বর ৩-এ কোনো রেকর্ডপত্র ছাড়া ৩ হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়। এ চালের বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে মালিকবিহীন চালগুলো তিনজন সাক্ষীর উপস্থিতিতে ইনভেন্টরি করে দুদক টিম। একই সঙ্গে রেকর্ডবিহীন এই চাল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এদিকে দুদকের অভিযানের খবর ছড়িয়ে পড়লে কয়েকজন মিল মালিক খাদ্য গুদামে এসে হট্টগোল সৃষ্টি করেন।












