কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় যৌথবাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিচালিত এই অভিযানে ৪৫টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করে অবিস্ফোরিত ককটেল শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিলাসপুরের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। সে ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান বলেন, সম্প্রতি বিলাসপুর ইউনিয়নে আধিপত্য নিয়ে একাধিক গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রচুর পরিমাণে ককটেল বিস্ফোরণের ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। জনমনে আতঙ্ক দূর করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সার্বক্ষণিক এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে যৌথবাহিনীর অভিযানে ৪৫টি ককটেল সাদৃশ্য বস্তু ও বেশ কিছু দেশীয় অত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ও যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।