অনলাইন ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬ ১৪:৫১
টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
ভৌগোলিক কারণেই প্রতিবছর পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে জেলার তেঁতুলিয়ায়। গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় বিরাজ করছে।
ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সূর্যের দেখা না মেলা, ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসের কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে দিনমজুরদের।
এদিকে তীব্র শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজানিত রোগীর সংখ্যা।
শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার (১১ জানুয়ারি) একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার একই সময়ে রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার একই সময়ে রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।












