কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মধ্যরাতে মাজার ভাঙচুর, মল-মূত্র নিক্ষেপ

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে শাহজাহান উদ্দিন (র.) নামে এক আউলিয়ার মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ভাঙচুরের পর ভেতরে মল-মূত্র নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ওই বাজারে যান বেশ কয়েকজন ভক্ত। ওই সময় দেখতে পান মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়ে আছে। তাছাড়া মাজারের বেশ কিছু জায়গায় মানুষের মল-মূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে মাজারে আসতে থাকেন শত শত ভক্ত আশেকান। তারা মাজার ভাঙচুরের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, ‘এই মাজার কত বছর আগের তা বলা মুশকিল। এখানে প্রতিদিনই ভক্তরা এসে যে যার মতো কর্মকাণ্ড চালিয়ে চলে যান। এ অবস্থায় মাজার ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি।’

এলাকার ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, ‘খবর পেয়ে তিনি এসে দেখতে পেয়েছেন। মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো এক সময় কারা এ কাণ্ড করেছে তা বলা যাচ্ছে না। এ বিষয় নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে।’

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি মুঘল সম্রাটের আমলে এই মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। মাজারে আক্রমণ মেনে নিতে কষ্ট হচ্ছে।’

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের কিছু অংশ ভাংচুর করা হয়েছে। পলিথিনে মল-মূত্র ভরে মাজারে নিক্ষেপ করেছে। ওই মাজারে গত ৮ থেকে ১০ বছর ধরে কোনো ওরস হয় না। তবে, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।