স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পিস্তলসহ ইউনিয়ন বিএনপি নেতা খোকন মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে কুমিল্লা সদর উপজেলার চানপুর নাজির মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে ওই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা সদর সেনাবাহিনী ক্যাম্প মিডিয়া গ্রুপে নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত খোকন মিয়া (৫৫) কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। খোকন পাচথুবি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে আছেন।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল শুক্রবার ভোরে কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনী গোপন সূত্রে জানতে পারে ইউনিয়ন বিএনপি নেতা খোকন মিয়ার কাছে একটি অবৈধ পিস্তল আছে। পিস্তলটি খোকন নিজের বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন। পরবর্তীতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকেই ৭.৬৫ মিঃমিঃ ১টি পিস্তল এবং ১টি খালি
ম্যাগাজিন উদ্ধার করে।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, পিস্তলটি খোকন মিয়ার। এছাড়াও আত্মীয়স্বজন এবং বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।
পরে অবৈধ অস্ত্রসহ খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় চানপুর ডুমুরিয়া এলাকার সুলতান ময়ার ছেলে মো: আলম নামে এক ব্যক্তিকে পলাতক আসামী করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী ও অস্ত্র পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সাহসিকতাপূর্ণ অভিযান কুমিল্লাকে অবৈধ অস্ত্রমুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানায় সেনাবাহিনী












