ডেস্ক রিপোর্ট:
ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে ডলারের মান ক্রমশ দুর্বল হচ্ছে, আর এর প্রভাবে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৩,৩৮৪ ডলারে পৌঁছেছে। সোমবার (২১ এপ্রিল) এই মূল্যবান ধাতুটির দাম নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
ইস্টার সানডের ছুটির কারণে গত এক সপ্তাহ বাজার সীমিত কার্যক্রম ছিল, কিন্তু বাণিজ্য যুদ্ধের প্রভাবে সোনার দাম বেড়েছে। বিশেষ করে চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের পণ্যে ১০% শুল্ক আরোপ করা হলেও চীনের কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ১৪৫% পর্যন্ত বাড়ানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় চীন মার্কিন পণ্যে ১২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে শুল্ক নিয়ে আলোচনা করছে এবং তিনি বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি নিয়ে আত্মবিশ্বাসী।
এদিকে, ট্রাম্প ও ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মধ্যে চলমান উত্তেজনা অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়িয়েছে। ট্রাম্প গত সপ্তাহে পাওয়েলকে ব্যাংকের স্বাধীনতা নিয়ে সতর্ক করে দিয়েছেন এবং সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন। তবে পাওয়েল দ্রুত পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এবং তিনি ফেডের স্বাধীনতাকে “আইনের বিষয়” বলে মনে করেন।
বর্তমান পরিস্থিতিতে ডলার তার প্রধান প্রতিযোগী মুদ্রা যেমন ইয়েন ও ইউরোর বিপরীতে দুর্বল হয়েছে। এই নীতির জন্য ট্রাম্পকে বিশ্বের অনেক নেতাই সমালোচনা করছেন। ফ্রান্সের অর্থমন্ত্রী এরিক লোমবার্ড বলেছেন, “ট্রাম্পের আক্রমণাত্মক শুল্ক নীতি ডলারের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে।” তিনি আরও সতর্ক করে দিয়েছেন যে যদি পাওয়েলকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বন্ড বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে।
এদিকে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে তেলের দাম কমেছে। টোকিওর বাজারে ইয়েনের দাম কমলেও সাংহাই, সিউল, সিঙ্গাপুর, ম্যানিলা ও জাকার্তার শেয়ার বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের সোনার বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি দেশে সোনার দাম কয়েক দফা বেড়েছে। গত এক সপ্তাহে ভরি প্রতি সোনার দাম ৫,৬৫৭ টাকা বেড়ে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হয়েছে।
চলতি বছরে বাংলাদেশে সোনার দাম ২৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৭ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ৬ বার কমানো হয়েছে। বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও এর দাম আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে।
সূত্র: এনডিটিভি












