ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. রুবেল মিয়া (২৭) বাস্তুহারা কলোনির মৃত মো. আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
এ ঘটনায় একই কলোনির মো. জয়নাল আবেদীন ও তার ছেলে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি কুড়াল ও হাতুড়ি জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সুন্দর আলী ও রুবেল একসঙ্গে চলাফেরা করতেন। দুজনই মাদকাসক্ত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় এক শিশু সুন্দর আলীর ঘরের ভিতর রক্ত দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। লোকজন এসে দেখে রুবেলের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে সুন্দর আলী ও তার বাবা জয়নালকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কুড়াল ও হাতুড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যার মামলা রুজু করে জয়নাল ও সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, রুবেলের বিরুদ্ধে পূর্বেই হত্যা ও ডাকাতির মামলা থাকায় তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও জড়িতদের তদন্ত করছে।












