ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রশিদ এই ঘটনাটি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণটি ঘটে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই। এ সময় মসজিদে প্রচুর লোকজন উপস্থিত ছিলেন বলে বেশি হতাহতের সম্ভাবনা রয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসের আগে এটি ছিল শেষ জুমার নামাজ, তাই মসজিদে মানুষের উপস্থিতি বেশি ছিল। এই মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের সেদিনই ছুটিতে যাওয়ার কথা ছিল।
ডনের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে। পাশাপাশি, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ডনের খাইবার পাখতুনখোয়া ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সূত্র: ডন, জিও নিউজ











