ডেস্ক রিপোর্ট:
বর্তমানে বিনোদনপ্রেমী মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট হলো সিরিজ। মার্কিন, ভারতীয় কিংবা কোরিয়ান সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বিশেষ করে উপমহাদেশের দর্শকদের কাছে ভারতীয় সিরিজ সবসময়ই পছন্দের ছিল। তবে গত কয়েক বছরে সিরিজ জগতে পাকিস্তানি সিরিজের উল্লেখযোগ্য উত্থান ঘটেছে।
উপমহাদেশে টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনায় পাকিস্তান বেশ এগিয়ে। দেশটির বিনোদন শিল্প মূলত টেলিভিশন নাটক এবং সিরিয়ালের উপর নির্ভরশীল। পাকিস্তানি নাটক ও সিরিয়াল এখন দেশের সীমানা পেরিয়ে ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও অনলাইনে পাকিস্তানি এসব কনটেন্ট দেখেন অনেক দর্শক।
বর্তমানে ইউটিউব ট্রেন্ডে শীর্ষে রয়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘মিম সে মুহাব্বাত’। এই সিরিজ পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দানানির মবিন। তার অভিনয় দক্ষতা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অভিনেত্রীর মনে বাংলাদেশি ভক্তদের জন্যও রয়েছে বিশেষ স্থান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বাংলাদেশি ভক্তদের জন্য অনেক অনেক ভালোবাসা।’ বাংলাদেশের সংবাদ স্টোরিতে শেয়ার করে মবিন লিখেছেন, ‘আমাদের সকল বাংলাদেশি ভক্তের প্রতি অগাধ ভালোবাসা।’
‘মিম সে মুহাব্বাত’ ওয়েব সিরিজ প্রেম, ভাগ্য এবং আকস্মিক সাক্ষাতের গল্প বলে। এটি সব বয়সের দর্শকদের জন্য একটি প্রেমের গল্প। মূল চরিত্রে রয়েছেন আহাদ রাজা মীর এবং দানানির মবিন। তারা একে অপরের থেকে খুব আলাদা, কিন্তু ভাগ্য তাদের একত্রিত করে। তাদের রসায়ন দর্শকদের হৃদয় জয় করেছে।












