কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সমালোচনায় গুম বা ক্রসফায়ারের ভয় নেই: রুহুল কবির রিজভী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করলে এখন আর গুম বা ক্রসফায়ারের ভয় নেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ভারতের মিডিয়া কীভাবে নির্লজ্জ মিথ্যাচার করছে, তা ভাবলে অবাক হতে হয়। শেখ হাসিনা না থাকায় দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, যা তারা মেনে নিতে পারছে না। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব মাথা তুলতে না পারে। আমরা গণতান্ত্রিক পথ ধরে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না। গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। কোনো নৈরাজ্যের সুযোগ কেউ যেন নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারে, তাই আমাদের সজাগ থাকতে হবে।

গাজীপুরের সাবেক মেয়রের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, আজকে দেখলাম গাজীপুরের সাবেক মেয়র বলছেন, যদি তাদের রাজনীতি করতে না দেয়া হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না। অর্থাৎ, হত্যার হুমকি দেয়া হচ্ছে। এই সাহস তারা কোথা থেকে পাচ্ছে? পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা এবং তার নীতিনির্ধারকরাই তাদের এই সাহস দিচ্ছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভয়ংকর হস্তক্ষেপ, যা আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করছে।

প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।