কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইফ আলি খানের হামলাকারী অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নিজের বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তার উপর হামলার পর এবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) ভোরে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ঠাণে এলাকা থেকে ঘুমন্ত অবস্থায় তাকে আটক করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ার ভয়ে নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস পরিচয়ে আত্মগোপন করছিলেন। তার আসল নাম শরিফুল ইসলাম শেহজাদ। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তকে ঝোপঝাড়ের মধ্যে শুকনো ঘাসের বিছানায় শুয়ে থাকা অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে একটি কাস্তে ধরনের ধারালো অস্ত্র ও একটি তোয়ালে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তিনিই সাইফ আলি খান এবং করিনা কাপুরের বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়েছিলেন। তবে কেন এই হামলা করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।

গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সাইফ আলি খানের উপর এই হামলা হয়। ছুরি দিয়ে তাকে ছয়বার আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।

পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হামলার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে।