ডেস্ক রিপোর্ট:
চ্যাম্পিয়ন্স ট্রফির বছরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সেই লড়াইয়ে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বোলিং, ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও শ্রীলঙ্কাকে কোনো সুযোগ দেয়নি তারা। শ্রীলঙ্কাকে ১৭৮ রানে অলআউট করার পর মাত্র ২৩.৫ ওভারে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে দারুণভাবে সিরিজ শুরু করেছে ব্ল্যাকক্যাপসরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের চাপে রাখে নিউজিল্যান্ড। মাত্র ২৩ রানের মধ্যে তারা শ্রীলঙ্কার ৪টি উইকেট তুলে নেয়। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয় এড়ালেও দলটি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।
ওপেনার আভিস্কা ফার্নান্দো অর্ধশতক পূর্ণ করলেও ৫৬ রানে আউট হন। জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা (৩৫) থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ৪৪তম ওভারেই শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ১৭৮ রানে। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি দুর্দান্ত বোলিং করে ১৯ রানে নেন ৪টি উইকেট। জ্যাকব ডাফি এবং ন্যাথান স্মিথ নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি ধাঁচে ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ১২.৩ ওভারেই ৯৩ রান তুলে ফেলেন। রাচিন ৩৬ বলে ৪৫ রান করে আউট হলেও উইল ইয়াং ম্যাচ শেষ করেই ফেরেন। মার্ক চ্যাপম্যানের সঙ্গে মিলে ৮৩ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন ইয়াং।












