কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেল আবিবে হিজবুল্লাহর ২৫০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৫, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানায়, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে একাধিক ড্রোন ও বিমান হামলা পরিচালনা করেছে।

পরে আরও একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তেল আবিবের একটি সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও, টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকভাতে রকেট আঘাতে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। হাইফায়ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চলীয় শহর মা’লোত-তারশিহার একটি কারখানাও রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার আগে তেল আবিবসহ মধ্য ও উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহ প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে কিছু আকাশেই প্রতিহত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় ৩৫০টি ছাড়িয়েছে।

মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, এই হামলায় ইসরাইলে অন্তত ১১ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ প্রায় প্রতিদিন ইসরাইলি সীমান্ত এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি দাবি করেছে, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা করা হচ্ছে।

৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকেই ইসরাইল হিজবুল্লাহর আক্রমণের শঙ্কায় লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। এখনো সেই বাসিন্দারা নিজেদের ঘরে ফিরতে পারেনি, যা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।