কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-জনতার বিপ্লব “রোমান্টিক রেভ্যুলেশন”: মঈন খান

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৬, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবকে “রোমান্টিক রেভ্যুলেশন” বলে আখ্যা দিয়েছেন।

শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডেমোক্রেটিক লীগ (ডিএল) এবং অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, “আজকের বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, আমি বিশ্বাস করি এটি একটি রোমান্টিক রেভ্যুলেশন। ছাত্রদের এই বিপ্লব আপাতদৃষ্টিতে আড়াই মাসে কিছু বিভেদ, সাম্য ও ঐক্যের সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন, “আমরা বর্তমানে একটি মুক্তির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। মানুষ তার জীবন বিসর্জন দিয়ে সত্যিকার মুক্তির জন্য সংগ্রাম করছে, আর এই সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশের মানুষ লড়াই করে স্বৈরাচারকে পরাজিত করেছে। কিন্তু এখন দেশ এতটাই পচে গেছে যে, নতুন সংস্কারের প্রয়োজন।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বাংলাদেশের রাজনীতি আর পুরোনো প্রতিহিংসায় ফিরবে না। কোনো সাম্রাজ্যবাদীর কাছে এই জাতি মাথানত করবে না। গণঅভ্যুত্থানের বিজয়কে আমাদের ধারণ করতে হবে।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “অলি আহাদ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পতন হয়নি। এই ফ্যাসিস্ট ব্যবস্থাকে ভাঙতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, কবি আব্দুল হাই সিকদার, ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির (এনজিপি) সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।