কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২১, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন— ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ভোরে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল তাদের বাড়িতে ঢোকে। এ সময় ঘুম থেকে জেগে কান্না শুরু করলে সন্ত্রাসীরা প্রথমে আসমাকে গুলি করে। এরপর আসমার বাবা আহম্মদ হোসেন ও ভাই সৈয়দুল আমিনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাবা ও ভাই মারা যান, আর গুরুতর আহত অবস্থায় আসমাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, আরএসও সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে সৈয়দুল আমিনকে হত্যার চেষ্টা করছিল। প্রাণ বাঁচাতে পরিবারটি ক্যাম্প ১৭ থেকে পালিয়ে ২০ নম্বর এক্সটেনশনে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি।