সংবাদ:
দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (৪ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।
এ সময় নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছে ২ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ শিশু। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ১১ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকা জেলাতেই মারা গেছে ৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৩০২ জন সন্দেহজনক এবং ১৫৪ জন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন এবং নিশ্চিত শনাক্ত রোগী ৫ হাজার ৪৬৭ জন। একই সময়ে সন্দেহজনক রোগে মৃত্যু হয়েছে ২৫৯ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৫২ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি হয়ে পড়েছে।












