টানা ভারী বৃষ্টি ও হাওড়াঞ্চলে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য কলিম উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে সুনামগঞ্জসহ বিভিন্ন হাওড়াঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকরা দুর্ভোগের মধ্যে ধান কাটছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে কয়েকদিন আগেই হাওড় অঞ্চলের সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, সুনামগঞ্জসহ হাওড় অধ্যুষিত কয়েকটি জেলা এবং ময়মনসিংহের কিছু এলাকায় অতিবৃষ্টির কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।
প্রধানমন্ত্রী আরও জানান, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।














