সংবাদ:
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈঠক শুরু হচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৈঠকে অংশ নিচ্ছে ৩০টির বেশি দেশ।
বুধবার শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ ও সেনা কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ব্রিটেন-ফ্রান্স নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে একাধিক দেশ।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এ উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকের ধারাবাহিকতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থন জোগাতে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলাই এ বৈঠকের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়ে বিভিন্ন দেশে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।












