হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে এখন থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রণালিটি দিয়ে চলাচলকারী সব জাহাজকে আইআরজিসির অনুমোদন নিতে হবে। তবে রয়টার্সকে দেওয়া আরেক ইরানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ—মার্কিন পতাকাবাহী জাহাজসহ—পারাপারের অনুমতি পাবে, কিন্তু কোনো দেশের যুদ্ধজাহাজ এই সুবিধা পাবে না।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা থাকবে না।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রণালিটি খোলা থাকার বিষয়টি স্বীকার করলেও স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে।












