পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত অনুপমা রায় (১৩) উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার বাসিন্দা এবং বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বিদ্যালয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবারও সাইকেলে করে স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে পৌঁছে সাইকেল থেকে নামার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে। বিষয়টি দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনার পর বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


.












