কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৯, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপমা রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়া পাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও অনুপমা বাইসাইকেলে করে বাসা থেকে স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সকালে অনুপমা স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।