কুমিল্লাবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবসহ ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৪, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ এনে সৌদি আরবসহ পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। বিষয়টি নিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোয়াইয়েইর কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি অভিযোগ করেন, সংশ্লিষ্ট আরব দেশগুলো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

চিঠিতে তিনি বলেন, ওই হামলার কারণে ইরান বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দেশের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় অভিযুক্ত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত।

যেসব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে, সেগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।

ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ হামলায় বহু মানুষ হতাহত হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতির জেরে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। টানা উত্তেজনার পর গত সপ্তাহে সাময়িকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

এদিকে, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।