পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম এখন আকাশছোঁয়া। দেশের অন্যতম বড় মৎস্য অবতরণকেন্দ্র পটুয়াখালীর আলীপুর ও মহিপুরের পাইকারি বাজারে ছোট ও মাঝারি আকারের ইলিশের দেখা মিললেও দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর বড় ইলিশ বাজারে অনেকটাই দুষ্প্রাপ্য।
বাজারে ইলিশ কিনতে আসা পটুয়াখালীর বাসিন্দা আব্দুর রহিমের কণ্ঠে বিস্ময় ও আক্ষেপ। তিনি বলেন, ‘আমি আজকে মহিপুরে ইলিশ কিনতে গিয়ে অবাক। এখানে সোনার চেয়েও ইলিশের দাম বেশি। ইলিশের গায়ে মনে হয় আগুন লেগেছে। দাম বলার পর বিক্রেতা আমাকে বলে, ওই দামে নাকি ইলিশের আঁশও পাওয়া যাবে না।’
সরেজমিনে দেখা গেছে, মহিপুর-আলীপুর মৎস্য বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট আকারের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মণ দরে।
পাইকারি বাজারের এই ধাক্কা লেগেছে খুচরা বাজারেও। পটুয়াখালী শহরের নিউমার্কেটের মাছ বাজারসহ জেলার সব বাজারে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ইলিশের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিংয়ের অনুরোধও জানিয়েছেন তাঁরা।
মহিপুরের ভাই ভাই আড়তের বিক্রেতা মো. শাহআলম হাওলাদার জানান, সাগরে ইলিশ তেমন মিলছে না। তার ওপর জ্বালানি তেলের সংকটে অনেকেই সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। ফলে ইলিশের দাম বেড়েছে।
শাহআলম বলেন, ‘সাগরে তেমন ইলিশ ধরা পড়ছে না, তার ওপর আবার সারাদেশে জ্বালানি তেলের সমস্যা। জেলেরা অনেকেই এ কারণে সাগরে যেতে পারছেন না। এরপর আবার ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। ফলে বাজারে চাহিদার চেয়ে ইলিশ অপ্রতুল এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম এখন আকাশছোঁয়া।’
বাজারে ইলিশ কিনতে আসা নুরজামান বলেন, ‘বর্তমান বাজারে ইলিশ মাছের যে দাম, কিনে খেয়ে স্বাদ নেওয়া যাবে না। দেখেই ইলিশের স্বাদ নিতে হবে।’
মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাবেক সভাপতি মো. ফজলু গাজী বলেন, ‘চাহিদা অনুযায়ী সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। বৈশাখের চাহিদা অনুযায়ী বাজারে তেমন ইলিশ নেই। তাই দাম চড়া।’
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহাও বললেন সরবরাহ ঘাটতির কথা। তিনি বলেন, ‘বৈশাখকে কেন্দ্র করে সারাদেশে প্রতিবছরই ইলিশের একটা চাহিদা থাকে। সেই অনুযায়ী এবার বাজারে ইলিশ তেমন একটা নেই।’


কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












