মুক্ত গণমাধ্যম দিবসে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন আদালত বিটে কর্মরত সাংবাদিকরা। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, গত চার মাস ধরে আপিল বিভাগ ও হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তারা বলেন, আদালত একটি উন্মুক্ত স্থান হওয়ায় সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া সংবিধান প্রদত্ত অধিকার লঙ্ঘনের শামিল।
বক্তারা অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক প্লেসে সাংবাদিকদের প্রবেশাধিকার বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্ট বিটে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।












