ভবিষ্যৎ বিশ্বব্যবস্থায় সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণমূলক নীতির কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠা উচিত।
শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পেজেশকিয়ান উল্লেখ করেন, সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রোথিত এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম দেশটির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, জাতীয় পরিচয় ও অগ্রগতির এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক রাজনীতিতে চলমান কিছু পদক্ষেপ আদৌ চাপ প্রয়োগের কৌশল, নাকি অন্য কোনো জটিল সংঘাত তৈরির অংশ।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি অভিযোগ করে বলেন, যখনই কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতার পথ বেছে নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।












