বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া অপর চারজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসাদুলসহ সমবয়সী পাঁচ কিশোর একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তারা সমুদ্রে গোসলে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে তারা ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে পারলেও আসাদুল নিখোঁজ হন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
এদিকে, নিখোঁজ পর্যটককে উদ্ধারের তদারকি করতে ঘটনাস্থলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানা গেছে।












