ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের বিশ্বকাপই হবে শেষ বিশ্বকাপ, ইতোমধ্যে এমন ঘোষণাও দিয়েছেন। বিশ্বকাপ ব্যতীত প্রায় সব সম্ভাব্য শিরোপাই জিতেছেন পর্তুগিজ মহাতারকা। তবুও তাকে নিয়ে সমালোচকদের অভিযোগের শেষ। এবার তাদের কড়া জবাব দিলেন রোনালদো।
রোনালদো বলেন, ‘আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন।’
পেশাদার ফুটবলে প্রায় দুই যুগ ধরে খেলছেন রোনালদো। দেড় যুগেরও বেশি সময় ধরে আছেন পুরো বিশ্বজুড়ে আলোচনায়। ফলে সমালোচনা এখন আর তার ওপর তেমন প্রভাব ফেলে না বলে জানিয়েছেন তিনি।
বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থান বা অর্জনকে এক করে দেখতে নারাজ ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, একটি শিরোপা তার ক্যারিয়ারের মূল্য নির্ধারণ করতে পারে না, ‘বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব—বিষয়টা মোটেও এমন নয়।’
সমালোচনার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বয়স মানুষকে এমন এক পরিপক্বতা দেয়, যা দিয়ে বোঝা যায় জীবনের সবকিছুর গুরুত্ব আপেক্ষিক। ৪০ পার হওয়ার পর আমার বিরুদ্ধে যে সমালোচনা বা আক্রমণ হয়েছে, সেগুলোর জন্য আমি ধন্যবাদই জানাব। কারণ সমালোচনা থেকেই শেখা যায়, বড় হওয়া যায়।’












