সংবাদ:
দেশের সড়ক ও মহাসড়কে নিরাপত্তা জোরদারে ধাপে ধাপে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় মহাসড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পরবর্তীতে আঞ্চলিক মহাসড়কেও একই ব্যবস্থা চালু করা হবে।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে, যদিও সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, সমস্যা ও চাহিদা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।












