কুমিল্লাশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু: তিন মাসের শিশু সন্তান এতিম

প্রতিবেদক
Cumilla Press
মে ১, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত এই দম্পতির ঘরে রয়েছে মাত্র তিন মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর এলাকায় একটি হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)।

তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে।

জানা যায়, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে তারা মোটরসাইকেলে করে ফরিদপুর শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের বহনকারী মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানেও শেষ রক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

জানা গেছে, নিহত এই দম্পতির ঘরে রয়েছে মাত্র তিন মাস বয়সী একটি শিশু সন্তান। হঠাৎ করেই মা-বাবাকে হারিয়ে শিশুটি এখন অসহায় হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।