কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অবৈধ ডিএনসি অভিযোগ: নার্সের বাসায় চিকিৎসার পর গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ৮, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি এক গৃহবধূকে হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে ডাইলেশন অ্যান্ড কিউরেটাজ (ডিএনসি) করানোর অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত লাবনী বেগম পৌরসভার কসবা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, গত ৬ মে রাতে অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে হাসপাতালের এক নার্স ও দালাল পরিচয়ে একজন তাকে বাইরে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, একটি বাসায় নিয়ে ওই নার্স নিজেই ডিএনসি করেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার পর তাকে আবার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ও স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত না করেই ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে অপারেশন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীকে গাইনি চিকিৎসকের পরামর্শের আগেই অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।