কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেনজেন ভ্রমণে সতর্কতা: প্রবেশের সময় সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাসগুলো। তারা জানিয়েছে, ভিসা থাকলেও কোনো দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সীমান্ত পুলিশ। তাই ভ্রমণকারীদের প্রস্তুত থাকতে হবে পূর্ণাঙ্গ কাগজপত্র প্রদর্শনের জন্য।

সোমবার (১১ মে) দেওয়া এক বার্তায় দূতাবাসগুলো জানায়, ভিসা মূলত ভ্রমণের পূর্বানুমতি প্রদান করে। তবে সীমান্তে কর্তৃপক্ষ প্রয়োজনে ভ্রমণকারীর নথিপত্র যাচাই করে প্রবেশের অনুমতি দিতে পারে বা নাও দিতে পারে।

এর আগে, ৪ মে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানায়। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দেশে অবস্থান না করার বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা কিংবা নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

উল্লেখ্য, শেনজেন অঞ্চল ইউরোপের ২৭টি দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে স্বল্পমেয়াদে একাধিক দেশে ভ্রমণের সুযোগ রয়েছে। এই ভিসার আওতায় সাধারণত ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যায়।