রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) দুপুর ১২টায় শুরু হওয়া এ সভা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। শুরুতেই সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম জোরদার করা, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শুরুর আগ থেকেই ভেন্যু এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।












