মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রাঘাতে নিহত এক কিশোরের মরদেহ চুরির আশঙ্কায় টানা ছয় দিন ধরে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন তার বাবা। এমনকি আর্থিক সংকটের মধ্যেও ঋণ করে লোক নিয়োগ করে পাহারার ব্যবস্থা করেছেন তিনি।
জানা গেছে, গত ১৬ এপ্রিল বজ্রাঘাতে নিহত আরাফাত খাঁনকে স্থানীয় কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এরপর থেকেই লাশ চুরির আতঙ্কে প্রতিরাতে কবরের পাশে অবস্থান করছেন বাবা জসিম খাঁন ও স্বজনরা।
জসিম খাঁন জানান, বজ্রাঘাতে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ চুরির ঘটনা শোনার পর থেকেই তারা ভীত হয়ে পড়েছেন। অসুস্থতা ও আর্থিক সংকট সত্ত্বেও ছেলের কবর রক্ষায় তাকে প্রতিদিন খরচ করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাঝে মধ্যেই কবর থেকে মরদেহ চুরির ঘটনা ঘটে বলে গুজব রয়েছে, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
ঘটনাটি জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।














